Tuesday, April 7, 2015

খোদার দোহাই

পুড়ুক স্বপ্ন গদির,
পুড়ুক  আশা 'যদি 'র
পুড়ুক হাড়ির ভাত
পুড়ুক মোমের রাত
পুড়ুক  গাড়ির তেল
চুলায় পুড়ুক বেল
পুড়ুক  শীতের খর
পুড়ুক  দুধের সর
পুড়ুক প্রেমিক মন
তাপে পুড়ুক বন
পুড়ুক কয়লা,  পথের ময়লা,
পুড়ুক  সবই,  ওরে  -
খোদার দোহাই শুধু যেন
মানুষ নাহি পোড়ে।

খাই খাই

খাই খাই
সব খাই -
টাকি খাই, চ্যাং খাই
মুরগির ঠ্যাং খাই
গরু খাই, খাসি খাই
তাজা খাই, বাসি খাই
কোয়েলের ডিম খাই
ভাতে দিয়ে সিম খাই
রসুনের চপ খাই
ধীরে, গপাগপ খাই
কালাইয়ের রুটি খাই
আইসক্রিম ফ্রুটি খাই
দই দিয়ে চিড়া খাই
বাটা কালিজিরা খাই
মুড়ি -চানাচুর খাই
চেটে ঝোলা গুড় খাই
লাউ দিয়ে শোল খাই
দু রকম ঘোল খাই
আলু, কলা 'ছানা ' খাই
মলা, ডানকানা খাই
মসুরের ডাল খাই
টক খাই, ঝাল খাই
বড় চমচম খাই
বেশি খাই, কম খাই (!)
ডায়েটে (!) শসা খাই
তাজা রুই কষা খাই
রাতে খাই, দিনে খাই
ফাও খাই, কিনে খাই
বাসকের পাতা খাই
জামরুল, আতা খাই
হেটে খাই, বসে খাই
মহল্লা চষে খাই
নারকেল -শাঁস খাই
শীতে রাজহাঁস খাই
খেয়ে খাই, যেয়ে খাই
যাতনা পেয়ে খাই
পান খাই, নান খাই
ওলকচু, মান খাই
নখে ভরে চিপস খাই
বড়দের টিপস খাই
হেসে খাই, কেঁদে খাই
কাঁচা খাই, রেঁধে খাই
অযথাই মুড়ি খাই
সন্ধ্যায় পুরি খাই
চাপা বেল্ট খুলে খাই
নিজ হাতে তুলে খাই
দই খাই, খই খাই
হাইব্রিড কই খাই
বোয়ালের পিস খাই
শিশুদের কিস খাই
আম খাই, জাম খাই
ভ্রমণে 'মাম ' খাই
মিটিংয়ের শেষে খাই
আড্ডাতে ফেঁসে খাই
সুপ ককটেল খাই
বাসি পেটে বেল খাই
রোগে ভুগে ফল খাই
প্রেমে ডুবে জল খাই।।।

পরাজয় আসে যদি!

বসে আছি রুমহীন
সারারাত ঘুমহীন
কিছুক্ষন  পরপর
বুক করে ধড়ফড় -
পরাজয় আসে যদি!
জলে চোখ ভাসে যদি!
কু ডাক ডাকে মন
মনমরা থাকে মন
চাপ চাপ শুধু চাপ
চা খাই চার কাপ
কাল কি যে হবে ভাই!
হাসি টিকে রবে ভাই?
যাই হোক হোক না!
পরাজয়ে  শোক না
জয়ে কি যে করবো!
আনন্দে মরবো।




Thursday, February 12, 2015

দ্বিচারণ

প্রকাশ্যে...... 
The earth is one
And round
Hear the sound
Of my mind
You will find
No earthly love
my love for you is from the above.

মনে মনে ....
The earth is one and round
I am not bound
To show my love
And buy a gift
occasions are the occasions of rift.

(HAPPY VALENTINE'S DAY)

Monday, December 22, 2014

হবে? কবে?

দশটি বছর আগেই আমার
বয়স ছিল কুড়ি,
মাথায় এখন চুলের খরা
পেটে সস্তা ভূড়ি।
জীবন থেকে যৌবনটা
যাচ্ছে হয়ে চুরি,
বিয়ার জন্য আর কতকাল
করব ঘুরাঘুরি।
বাপে যদি না দেয় বিয়া
কেমনে বিয়া হবে?
এই অধমের ভাগ্য খারাপ তবে-
তোমরা যদি এগিয়ে আসো সবে,
ইনশেআল্লাহ আমার বিয়েও হবে।

Thursday, October 30, 2014

সাদা মানুষ

প্রতিদিন না নিয়ে গেলে অথবা দিতে দেরি হলে ছাত্রী আমাকে জিজ্ঞেস করে, "তুমি কি জিনিসটা আনতে ভুলে গেছ? "
আমিও ' জিনিসটা ' আনতে ভুলি না, দিতেও দেরি করি না।
প্রতিদিনের মত আজকেও নিয়ে যাচ্ছিলাম।ডান হাতেরটির দাম এক টাকা আর বামটির দাম দু টাকা।ওদের এলাকায় বিদ্যুত  ছিল না।রাস্তাটা বেশ নিরিবিলি। হঠ্যাৎ ডান হাতেরটি পড়ে গেল। সাথে মোবাইল ছিল না। অন্ধকারে জিনিসটি খুঁজে পাচ্ছিলাম না।পাশ দিয়ে হেটে যাওয়া ভদ্রলোককে একটু মোবাইলের আলো ফেলতে বললাম। তারপর শুরু হোল হারানো চকললেটের ম্যারাথন খোঁজ -দ্যা সার্চ। উনাকে "ঠিক আছে ভাই আর খোঁজা লাগবে না " যতই বলি, উনি যেন আরো নতুন উদ্যমে খোঁজা শুরু করেন। দুই,  তিন মিনিট হয়ে গেল।তারপর হাল ছেড়ে দিয়ে বিদায় নিলাম।কিছুদুর যাওয়ার পর উনি আবার ডাক দিলেন,  "আসেন ভাই আরেকটু খুঁজি।" এই বার আমার চোয়াল শক্ত হয়ে গেল। এক টাকার হোক, তবুও এই ভদ্রলোকের জন্য জিনিসটি আমার খুঁজে  পেতেই হবে। তাকে খুঁজে পাওয়ার আনন্দ দিতে নতুন উদ্যমে খুঁজতে শুরু করলাম।দাঁড়ানো অবস্থা থেকে দুজনে বসে বসে খুঁজলাম।আতিপাতি করে খুঁজেও পেলাম না।সম্ভবত জিনিসটি ড্রেনে পড়ে গেছে।অবশেষে একরাশ হতাশা নিয়ে ভাইটির কাছ থেকে বিদায় নিলাম। অন্ধকারের জন্য তার মুখটিও দেখা হলো না।এরকম
মানুষ বেঁচে আছে বলে বাংলাদেশ এখনও এতটা কিউট।
পুনশ্চ : রুমে এসে ড্রেস চেঞ্জ করে জিন্সের প্যান্টটা ঝাড়া দিতেই এক টাকার চকলেটটি ছিটকে পড়ল।জিন্সের প্যান্টটি আমি পায়ের দিকে ভাঁজ করে পরে ছিলাম।হাত থেকে পড়ে চকলেটটি ভাঁজের ভিতর লুকিয়েছিল।

এভাবে তাকিয়ো না আর

এভাবে  তাকিয়ো না আর -
হৃদয়ে ভূমিধস হবে;
চেতনার লোডশেডিংয়ে
বিপন্ন হবে ভাবের উৎপাদন ;
গুজবের মত নিস্তব্ধতা ছড়িয়ে পড়বে কৈশিক জালিকাতেও;
মগজের তলদেশ নাড়িয়ে দেবে
একরাশ বিহ্বলতা;
কবিতারা তখন গদ্য হয়ে যাবে।
এভাবে তাকিয়ো না আর।