Friday, March 20, 2026

Debate

Debate
Debate, not for debate's sake,
Debate, not to make 
goodness at stake
For such a debate is fake.
Debate to wake us
And to make us
Enlightened with thought.
Debate to spot
The problem and prospect
That we've got.
Debate not to ignore
But to explore 
And to restore
All aspects of truth.
Debate, for debate is the
essence of the youth.
( My advice to the debaters as one of the judges of the debate competition organised by GSSMC as per the schedule of the Annual Literary & Cultural Competition 2023 )

Saturday, May 27, 2023

সতেজ দু'টি ফুল


বাংলা ভাষার অপূর্ব এক ডালে,
ভীষণ রকম সতেজ দু'টি ফুল
একটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর
আরেকটি তার কবি কাজী নজরুল।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল বিদ্রোহী এক কবি,
নিপুণ ভাষায় এঁকেছেন এই দু'জন
মন- গহীনের ঝকমকে সব ছবি।



২।
বাংলা ভাষার বেড়ে গেছে জৌলুশ
বিশ্বকবির অঢেল সোনার ধানে,
বাংলা ভাষা হয়েছে বাঁধনহারা
নজরুলের মন মাতানো গানে।

বাংলা ভাষার প্রাণে ডেকে গেছে বান
কলমে যখন তুলেছেন এরা ঝড়,
অসত্য আর অসুন্দরের পেত
করতে পারে নি জাতির আত্মায় ভর।

৩।
ছোট গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর
এক জীবনের সব রকমের বোধ
পাতায় পাতায় গেঁথে রেখেছেন যেন
পড়ে দেখবে, রইলো অনুরোধ।

পড়ে দেখবে, রইলো অনুরোধ নজরুলের সাম্যবাদী রূপ।
পড়ে দেখবে কেন বিদ্রোহী প্রাণ
অন্যায় দেখে থাকতে পারে না চুপ।

৪।
আজও ঘরে ঘরে গীতাঞ্জলির সুরে
মানবাত্মা প্রশান্তি নেয় খুঁজে,
আজও যোদ্ধারা বাঁশের বাঁশরী হাতে
প্রেমের স্মারক রেখে যায় কার্তুজে।

আজও পাঠকের মনের জগত জুড়ে
রবি ঠাকুরের সম্মোহনী বাস।
আজও নজরুল নিশ্চল মরু প্রাণে
শত প্রমত্তা পদ্মার উচ্ছ্বাস।




Saturday, December 31, 2022

বছরান্তের উপলব্ধি

বছর শেষের দুই উপলব্ধি

আশাবাদী উপলব্ধিঃ

অপ্রাপ্তির মাঝারি বাক্স -৫টি;
হতাশার কালো বড় বাক্স -১টি;
আত্ববিশ্বাসের অভাবে ভরা,
জংধরা টিনের বাক্স-১টি;
মন খারাপের নীল পোটলা -১টি;
উদ্যমহীনতা, লোভ জাতীয় ছোট ছোট
দুর্বলতা, দ্বিধা ইত্যাদিতে ঠাসা বড়
কাপড়ের ব্যাগ -১টি -
গুনেগুনে মোট ৯টি ব্যাগ চাপালাম
বুড়ো সূর্যের কড়া পড়া কাঁধে।
এতক্ষণে হয়তো পশ্চিমের শেষ
সীমানায় পৌছে গেছে সে।
সময়ের গহবরের আবর্জনা শাখায়
আমার মালামালসহ নিজের নামটাও
লিখিয়ে ফেলেছে হয়তো।
তার কথা থাক।
কাল সকালে সম্ভাবনার বড় বড় বাক্স নিয়ে
পূব দিয়ে আসবে নতুন সূর্য।
তাঁর প্রতীক্ষায় কাটাবো নির্ঘুম রাত।
সবার আগে তাঁকে স্বাগত জানাতে চাই।

নিরাশ উপলব্ধিঃ

খুশির বাতাসে দুঃখ ভাসে
মাত্রা ছাড়ানো  সীসার মত।
আরেকটি শেষ নিঃশ্বাসে
মহিমা হারায় নবজাত ক্রন্দন।
মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;
আপেক্ষিকতার হেঁয়ালিতে
আটকা পড়ে মানব জীবন।  
এরই মাঝে বছর পালটায়।
টিকটিকির লেজের মত আমরাও 
খসাতে চাই পুরনো বাস্তবতা।
তাতে চক্রবৃদ্ধি হারে হতাশাই বাড়ে।

Thursday, December 29, 2022

মেট্রোভিমান

মেট্রোভিমান

হলে হোক চালু সাধের মেট্রোরেল। 
কাকের কি আসে যায় পাকে যদি বেল?
মফস্বলে আমাদের আছে তিন চাকা।
তাতেই চড়ে খুশি, যাবো না তো ঢাকা।ল

Tuesday, December 13, 2022

ব্রাজেশিয়ার বদদোয়া

ব্রাজেশিয়ার বদদোয়া 

ভাগ্যের হেরফেরে এইবার পারে নাই;
দল ঠিকই হেরে গেছে, দর্শক হারে নাই।
লেখাবাজি চলছেই, রাজপথ ছাড়ে নাই।

ব্রাজেশিয়া চাইছে মেসি যেন কাঁদে খুব,
হেরে গিয়ে হতাশার মাঝে যেন দেয় ডুব।
খসে পড়া তারকার দলে যেন আসে নাম।
(অনেক তো হইসে, এইবার তোরা থাম)

হার -জিত যাই হোক, তারকারা নেভে না
মেসিদের ভক্তরা কোন চাপ নেবে না।
জিতলেও সাথে আছি, আছি দল হারলেও, 
পারলেও সাথে আছি, আছি না পারলেও।

Wednesday, November 30, 2022

চক্র

চক্র
কিছু পাপ জমা হয়ে গেছে;
এখন জমাতে হবে পূন্য। 
বিপরীত কর্মের হলে কাটাকাটি 
ব্যালেন্স দেখাবে শূন্য।

তারপর আয়েশ করে করা যাবে পাপ
জীবনে থাকুক না কিছু গোপন উত্তাপ।

ভারী হয়ে গেলে পাপের বোঝা। 
শুরু হয়ে যাবে পূন্য খোঁজা।

এভাবেই  চলুক পাপ- পূন্যের চক্র।
জীবন সোজা, যাপন তাহার বক্র।

Tuesday, November 15, 2022

কাল এক্সাম

কাল এক্সাম,  আসুন লিখি ছড়া ;
মাথার ভিতর ঢুকছে না তো পড়া।
কিংবা একটা গল্প বলুন -
এক যে ছিল রাজা,
পছন্দ সে করত তিলের খাজা।
কিন্তু বইয়ের আজব আজব কথা
আনন্দ তার করল ভাজা ভাজা।
আচ্ছা এবার আসুন, বকছি আমি যা -তা।
সবই আছে ঠিক,  বিগড়ে গেছে মাথা।

Saturday, October 29, 2022

বিজ্ঞানী না নিয়ে আমি ঘরকে যাব না

খবরে প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়েও বাংলাদেশে বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞানী 
– আল বোরহান

এসপি,  ডিসি, প্রশাসকের সোনার বাংলাদেশে
জগদীশ আর সত্যেন বোসরা কোথায় গেল ভেসে?
ঢাবির কাছে জিজ্ঞাসিলাম, বিজ্ঞানী কি আছে?
বলল রেগে, "বিজ্ঞানী কি ধরবে মোদের গাছে?"
বললো কেঁদে জাবি, চবি, বুয়েট এবং রাবি,
"কোথায় পাব বিজ্ঞানী আজ নয়ন জলে ভাবি।"

খুঁজতে খুঁজতে চলে গেলাম দেশের মেডিকেলে,
"ডাক্তার কি বিজ্ঞানী হয়? - কোথায় এসব পেলে!"
ব্যর্থ হয়েও আশায় থাকি, দেখ না খুঁজে ভাই-
বিজ্ঞানী এক নিয়ে আমি ঘরকে যেতে চাই।

"কোথায় পাবো  বিজ্ঞানী আজ এত পদের ভীড়ে?
ঘরের ছেলে এবার তুমি যাওনা ঘরে ফিরে।
ইঞ্জিনিয়ার দিতে পারি, চিকিৎসকও পাবে,
চাইলে হাজার কর্মকর্তা তোমার ঘরে যাবে।"
এই বলিয়া ভাইটি আমার বিরক্ত হয় খুব;
বিসিএসের বই সাগরে তারপরে দেয় ডুব।
দিনের শেষে রাত্রি এলো, ফের বাড়ালাম পা,
বিজ্ঞানী না নিয়ে আমি  ঘরকে যাবো না।
(আল মাহমুদের 'নোলক' অবলম্বনে)

Thursday, October 27, 2022

যে জলে আজ যাচ্ছি ডুবে

যে জলে আজ মরছি ডুবে,
তাতেই সাঁতার কাটছো যে!
যে পথে আর বাড়াই না পা,
সে পথে খুব হাঁটছো যে!
যে সুর আর ভাল্লাগে না,
সেই সুরে গান তুলছো যে!
যে স্মৃতি মোর হয় না অতীত,
তাকেই হঠাৎ ভুলছো যে!

Tuesday, October 25, 2022

হিরো আলমেরা

আমাদের যা কিছু ভালো,
যা কিছু সেরা,
সেখানে এখন ঢুকে পড়েছে
হিরো আলমেরা।

Saturday, October 8, 2022

প্রতিশ্রুতি না পাপ?

ছেলেটি আলতো ঠোঁটে একেঁ দিল
মেয়েটির কপালে পবিত্র প্রতিশ্রুতি। 
প্রতিশ্রুতিই তো? নাকি পাপ?
নাকি নষ্ট সমাজের ভ্রষ্ট দু' জন
মানব-মানবীর আদিম উদ্দামতা? 
ঘটনা যাই হোক, আমার দৃষ্টিভঙ্গি
বলে দেয় আমি কি দেখেছি।

Saturday, August 6, 2022

গুজব

গুড জব'' এর ড' টা যদি হয়ে যায় গুম,
গুজব কেড়ে নেয় আরামের ঘুম।
'গুজব' এর উ - কারটা ফেলি যদি ছেটে,
গজবের পথে আসি কিছু দূর হেটে।
গুজব আর গজবের দেশে গুড জব
নষ্ট করার চলে মহা উৎসব। 
ক্ষমতার ক্ষীর খেয়ে কেউ চাটে হাত;
কেউ করে হা হুতাশ খালি হলে পাত।

নিরাপদ সড়ক চাই
অনিয়মের মড়ক চাই

(দয়া করে প্রথম কমেন্ট পড়ার পর কমেন্ট করুন)

প্রতিবাদের ফল

তুমি কর প্রতিবাদ, 
আমি লুটি ফল তার;
কেউ চাকে মধু খায়, 
কেউ খায় মল তার।

দিল্লি

এই শহরের অলস রোদে
ইতিহাস কাটে জাবর;
এই শহরে মসনদে বসে
বিশ্ব শাসান বাবর;
এই শহরের খোলা তলোয়ার
অসুরে করিয়া ভর
কত স্বপ্নের সমাধিতে গড়ে
দুঃস্বপ্নের ঘর;
এই শহরে মহাকবি তাঁর
ইটের ইন্দ্রজালে
সময়টাকে বন্দী রাখেন
কয়েক শত সালে;
আরব, তুর্কী, তাতার, হিন্দু
বাঙ্গাল, বেদুঈন-
এই শহরের সব রক্তই 
মিলেমিশে রঙ্গহীন।

Monday, June 13, 2022

কষ্টার্জিত বোধ

চারদিকে মোর থৈ থৈ করা কষ্টে
আর মানুষের কষ্ট কী তা বুঝি;
এক জীবনের অর্জন সব নষ্টে
এই জীবনে বেদনার রং খুঁজি।
তোমার সুখের লাগামে না পড়া টান
সুখ- সংগার ভুল ব্যাখ্যায় লিপ্ত;
আমার বেদনা রচে যে দুঃখের গান
সে গানে তোমার সুখ হয় উদ্দীপ্ত।

বন্ধু, আমি দুঃখ-দিনের মাঝি,
পারাপার করি বেদনা-কাতর যাত্রী
তোমার সুখের ঝকমকে কারসাজি
আমার চোখে তা যেন আঁধার রাত্রি।
তোমার প্রাপ্তি কি ঋন করেছে শোধ,
জিজ্ঞাসে মোর কষ্টার্জিত বোধ।

Thursday, April 28, 2022

চোখ

১. চোখ
অলৌকিক সৌন্দর্যের সবটুকু ভার
নিরবে বহন করে চোখ দু'টো তার।
সেই চোখে আমি যেন প্যারিসের ট্রয়;
চাহনির তীরে ঘটে সদা পরাজয়।

২. চোখের ভাষা
চোখে তার বিশ্বের সব বই ঠাসা;
প্রতিদিন পড়ে যাই সে কঠিন ভাষা।
পড়ি যত,  তত আমি হই দিশেহারা-
একা বসে গুনি যেন আকাশের তারা।

Friday, January 21, 2022

আপনি ভিসি

আপনি ভিসি-
দেবতা- ঋষি। 
কিন্তু এ কী!
আপনি দেখি
বাংলা মদের
ভাঙা শিশি! 

আপনি ভিসি-
দিবানিশি 
সালাম দিছি।
কিন্তু এ কী!
আপনি দেখি
মা না হয়ে
হলেন পিসি! 

আপনি ভিসি-
কিন্তু, ছি! ছি!
ছাত্ররা ক্যান
দিল টিসি?

Saturday, December 25, 2021

না ঘরকা, না ঘটকা

না ঘরকা, না ঘটকা-
I'm an outlander.
I'm Jack of all trades
But master of blunder.

যেদিকে যাই
I see and sigh.
শান্তি না পাই।

From the Padma to the Rhine
Nothing remains mine
And for me, no sunshine.
দুনিয়ার এ কোন আইন?
#জগাখিচুড়ি_কাব্য

Sunday, November 28, 2021

আমার মনের কী বর্ণ

আমার লেখায় আগের মত
ছন্দ কেন আসছে না?
ছন্দগুলো আমায় কি আর
মোটেও ভালোবাসছে না?
আমার টবের গোলাপগুলো
এখন কেন হাসছে না?
আমার প্রেমের তীব্র টানে
কেউ কেন আর ফাঁসছে না? 

এত দিনের এই আমি কি
পালটে গেছি খুব বেশি?
দায়িত্ব আর বাস্তবতায়
দিয়েছি কি ডুব বেশি?
আমি কি খুব হচ্ছি প্রাচীন, 
কিংবা খুবই বিবর্ণ?
বুঝতে কবে পারব আমি
আমার মনের কী বর্ণ?

Monday, August 9, 2021

হবু বনাম গবু

হবু বনাম গবু 

গরীব হবুর বাড়ি গবু আসতে কভু চায় না।
হাজার চেষ্টা করেও হবু গবুর দেখা পায় না।
আসি আসি বলেও  গবু আসতে তবু চায় না।
আসবে গবু যদি হবু  মানে সকল বায়না।
বায়না তো নয়, এ যেন ভাই না আসারই ধান্দা।
কিন্তু হবু জন্ম থেকেই খুবই নাছোড়বান্দা। 
বায়না মত আনল হবু বাঘের দুধের পায়েসও।
মিটালো সে ধনী গবুর অদ্ভুত সব খায়েশও। 

বিশ্বজুড়ে গবুর সুনাম- দিগবিজয়ী কুস্তিগির। 
কুস্তিখেলার মোড়ল সে যে অন্যতম শ্রেষ্ঠ বীর।
হবুও খুব কুস্তি লড়ে কিন্তু সে যে গরীব তাই
মোড়লগণের টপ লিস্টে তাহার ছোট্ট নামটি নাই।
তবুও সে পাঁচটি ম্যাচে গবুর সাথে লড়তে চায়।
হবুটাকি থাকতে আয়ু কুস্তি লড়ে মরতে চায়?
গবুর শরীর চর্বি ভরা কিন্তু হবু হাড্ডিসার।
সবাই ভাবে হবু খেলায় খাবে এবার ভীষণ মার।
খেলার আগে সবার কাছে হবু যেন দুধ-ভাত।
কিন্তু চারটি  ম্যাচে গবু  হবুর কাছে কুপোকাত।
একটি ম্যাচে গবু পেল অনেক অনেক কষ্টে জয়। 
বিশ্ব তখন বুঝে গেল হবু কিন্তু ফেলনা নয়।
হবুর বাড়ি আসার আগে গবুর ছিল গর্ব।
ফিরতি বিমান ধরার পথে সবই হল খর্ব।
(এই ছড়া লিখতে লিখতে বাংলাদেশ জাতীয় 
ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পঞ্চম ম্যাচে হারিয়ে ৪-১ এ সিরিজ জিতে নিল। অভিনন্দন টাইগার্স।)