Saturday, May 15, 2021

একটি হারানো বিজ্ঞপ্তি

একটা জিনিস হারিয়ে গেছে,
পাচ্ছি না আর খুঁজে।
ক্যামনে তারে ফেরত পাব 
ভাবছি দু'চোখ বুজে।
অবাক হয়ে ভাবছি আমি
এই বয়সে এসে
জিনিসটা কি সময় স্রোতে
গেছে কোথাও ভেসে?
দশ কি বারো বছর আগেও
 সংগে  ছিল সে যে।
জানি না তার বিদায় ঘন্টা
উঠল কবে বেজে।
কোন সে চোরা করল চুরি
আমার জিনিসটাকে?
বলবি আমায় চুপটি করে
কেউ কি চিনিস তাকে?
এত বছর টের পাই নি,
কিন্তু এখন দেখি
হারিয়ে যাওয়া জিনিস ছাড়া
সব কিছু আজ মেকি। 
মিছাই আমি সেলফি তুলি
নানা রকম পোজে;
কিন্তু আমার অভাগা মন
তারেই শুধু খোঁজে।
'ইদ মোবারক' পাঠিয়ে দেই
আমি যাদের কাছে, 
তাদের নিকট হারিয়ে যাওয়া
জিনিসটা কি আছে?
আমার মত তারাও কি আজ
সময় নদীর বাঁকে
বেখেয়ালে ধীরে ধীরে
হারিয়েছে তাকে?
এসব কথা ভাবি যখন 
আসে না আর নিদ।
হারিয়ে গেছে আমার খুশির
ছোট্ট বেলার ইদ।

Sunday, May 9, 2021

আজ মা দিবস?

আজকে কি মা দিবস, নাকি গেছে কালকে?
হরহামেশা গুলিয়ে ফেলি দিবস, মাস, সালকে।
মায়ের সাথে ছবি দিব, কিন্তু কোথায় পাই?
মা যে আমার গ্রামে থাকেন, এই শহরে নাই।
গতকালই গ্রামে ছিলাম,ছিলাম মায়ের সাথে।
আমার বাড়ির রান্না তুলে দিলাম মায়ের পাতে।
কিন্তু  আমি সেই সময়ের  ছবি তুলি নাই।
তবে কি ব্যর্থ আমার  গোটা সফরটাই?

করোনার শুভেচ্ছাদূত

বাপ মারব, মা মারব, 
মারব বুড়ো নানাকে;
যাচ্ছি বাড়ি, পারলে থামা, 
জানা লোকাল থানাকে।
কাপড় কিনসি হরেক পদের
কিনসি আরও জুতো।
এখন আমায় পারলে থামা,
মানছি না আর ছুঁতো।
ইদের খুশি সবাই মিলে 
করে নিব ভাগ।
সেই খুশিতে মুরব্বিদের 
জীবন গেলে যাক।
জনসংখ্যার বিস্ফোরণে 
দেশটা দিশেহারা;
করোনাতেই কমুক মানুষ, 
আসছি আমি দাঁড়া।
করব ইদের কোলাকুলি, 
বুক লাগিয়ে বুকে;
করোনার শুভেচ্ছা দূত 
মাস্ক দেব না মুখে।
নো টেনশন ঘুমাও সবে 
নাকে দিয়ে তেল।
ইদের পরে দেশটা হবে
চূড়ান্ত এক হেল।

Friday, May 7, 2021

শুভ জন্মদিন (সাফায়েত কাদির)

বন্ধু তুই ছোট্ট থেকেই বড্ড বেশি ভাবুক।
ছোট ছোট কথাতে তোর সপাংসপাং চাবুক।
এই সমাজের অসঙ্গতি ক্ষিপ্ত করে তোকে।
ঠোঁট কাটা তোর এই কথাটা বলে নানান লোকে।
আমরা সবে ভয়ে থাকি কখন করি ভুল।
ভুল ধরতে ধরতে মাথার হারালি সব চুল।
এবার একটু সংসারি হ, ফুটাস না আর পিন।
আসল কথা ভুলেই গেছি - শুভ জন্মদিন।

Wednesday, May 5, 2021

উত্থান-পতন

নিজেরে নিজে মোটিভেট করিঃ
পতনেও অটল যে থাকিবার পারে
উত্থান উঁকি দেয় তার গৃহ দ্বারে।
সাময়িক পতনে হলে বিহবল,
আজীবন পরাজয়ে পাবে তার ফল।

Thursday, April 29, 2021

আয় ঝড় আয়

চারদিকে প্রচন্ড তাপদাহ। আমাদের সামাজিক জীবনও কেমন যেন উত্তপ্ত।  একটা ঝড় আসুক।
প্রাকৃতিক ঝড় এবং ইতিবাচক পরিবর্তন  অর্থে সামাজিক ঝড়। নিচের ছড়ায় এই দুই প্রকারের ঝড়ই মিলেমিশে একাকার হয়ে গেছে।  ছড়াটি ঝড়ের ছন্দে অর্থাৎ দ্রুত তালে পড়তে হবে। 

আয় ঝড় আয়
দিয়ে যা আমায়
পাগলাটে  বৃষ্টির ঝাপটা।
আয় ঝড় আয়
খোদার দোহায়
হিম কর বাতাসের তাপটা। 

আয় ঝড় আয় 
মাটির মায়ায়
মেটা তার বুকফাটা তেষ্টা। 
আয় ঝড় আয়
তুই অতিকায়
প্রকৃতির বুনো উপদেষ্টা। 

আয় ঝড় আয়
সবুজ পাতায়
দিয়ে যা  জীবনের ছন্দ।
আয় ঝড় আয়
তোর মহিমায়
দূর হোক সমাজের গন্ধ। 

আয় ঝড় আয়
বেলা বয়ে যায়
ধুয়ে দে পরাণের ক্লান্তি।
আয় ঝড় আয়
এক ঝাপটায়
উড়ে যাক জমা সব ভ্রান্তি। 

আয় ঝড় আয়
মোরা অসহায়
দানবের  তরে  শুধু ভক্তি।
আয় ঝড় আয়
দেখা বসুধায়
তোর চেয়ে কার বেশি শক্তি।

Wednesday, April 28, 2021

লোভ বনাম লালসা

আমার ব্যক্তিগত ধারণা বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনবীর একজন প্রেম প্রতারক। কিন্তু মোসারাত জাহান মুনিরা কি শুধুই লোভী? নাকি তার অপরিণত নিউরনে ভালোবাসারও  অনুরণন ঘটেছিল? ঘটনা যাই হোক, আমার ছাত্রীদের বয়সী একটা মেয়ের এই করুন পরিণতি অবশ্যই খারাপ লাগার। আমার নিচের কবিতার সব Assertive sentence হয়ে গেছে Interrogative sentence! কারন আসলে আমি প্রকৃত সত্যের কিছুই জানি না।

মেয়েটি কি মজেছিল লোভ মেশা প্রেমে?
লোকটি কি মেতেছিল মন ভাঙা গেমে?
দু' জনার বহু ছবি ছিল একই ফ্রেমে;
প্রেম-ভালোবাসা তবু গেল কেন থেমে? 

লোভ আর লালসার হয়েছিল মিল?
জীবনের দামে তাই দিতে হল বিল?
মেয়েটি কি ধীরে ধীরে খুলেছিল দিল?
লোকটি তা বুঝে গিয়ে এঁটে দিল খিল? 

দেহটা কি বৈভবে মেনে ছিল হার?
মনের স্বাধীনতা ছিল মেয়েটার?
সব ছিল, ছিল না তো শুধু অধিকার?
মরনে দ্রোহী মন  হল নির্ভার? 

জীবন নিয়ে কেন খেলা ছিনিমিনি? 
মন না কিনে শুধু দেহ কেন কিনি?
জীবন হলে গত পাপ কেন চিনি?
মরনের কাছে ন্যায় হয় কেন ঋণী?